বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, করোনাকালের সম্মুখযোদ্ধা মৃত্যুপথযাত্রী ডা. মঈনের মতো ব্যক্তিরা একটি সরকারি অ্যাম্বুলেন্সও পায় না। অথচ রিজেন্টের প্রতারক সাহেদকে ধরে আনতে সরকার ব্যবহার করে দুই হেলিকপ্টার। তার জন্য সরকার লাখ লাখ টাকা ব্যয়ও করে।
শুক্রবার সকালে নাটের শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতায় দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের সকলকে একদিকে যেমন করোনা মোকাবিলা করতে হবে অন্যদিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণকে তার অধিকারকে ফিরিয়ে দিতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহীন, আসাদুজ্জামান আসাদ, এ হাই তালুকদার ডালিম, কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ।
