রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদেই থেকে যেতে চান এবং চুক্তির মেয়াদ বাড়াতে চান। এমনকি লস ব্লাঙ্কোসদের হয়েই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।
দুই মৌসুম পর রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা জয়ের অন্যতম নায়ক সার্জিও রামোস। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মৌসুমের শেষে। তবে ক্লাব এবং খেলোয়াড় দুই পক্ষই চুক্তির মেয়াদ বাড়াতে ইতিবাচক।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্যারিয়ারের বাকি সময় রাসোমকে নিজের ক্লাবে চান। রামোসের চাওয়াও সেটিই। বৃহস্পতিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর এই ডিফেন্ডার বলেন, ‘আমি এখানেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। আমি মনেকরি না কোনো সমস্যা আছে (চুক্তির বিষয়ে)। ক্লাব সভাপতি এখানে যতক্ষণ চাইবেন, আমি ততক্ষণ এখানে থেকে যাবো।’
লা লিগা শিরোপা পুনরুদ্ধারে কোচ জিনেদিন জিদান ও সতীর্থদের প্রশংসা ঝরেছে রামোসের কণ্ঠে। বলেন, ‘এটা কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দলের ভারসাম্য ধরে রাখার ফল। যেভাবে এটা আমরা পেরেছি এ জন্য অবশ্যই আমরা অনেক বেশি প্রশংসা প্রাপ্য। জিদান এখানে মূল চাবি। আমরা তাকে এবং তার কাজে বিশ্বাস করি। যখনই সে এসেছে, যেটাই ছুঁয়েছে তাতে সোনা ফলেছে। তিনি অনন্য।’
