মহড়া কক্ষের খরচ জোগাতে সবজি বিক্রি করছে প্রাঙ্গণেমোর

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৭:০৭ এএম

করোনা পরিস্থিতিতে মহড়া কক্ষের খরচ জোগাতে নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’। এই উদ্যোগের স্লোগান হলো ‘শ্রমে সততায় সৃজনে বাঁচি’।

গতকাল শুক্রবার সকালে প্রথম ক্রেতা হয়ে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন প্রাঙ্গণেমোরের অনন্ত হীরা, নূনা আফরোজ, বটতলা নাট্যদলের মোহাম্মদ আলী হায়দার, সামিনা লুৎফা নিত্রাসহ অনেকে।

প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রধান অনন্ত হীরা বলেন, ‘আমাদের বন্ধুরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও টাটকা শাকসবজি সাশ্রয়ী মূল্যে আপনার হাতে তুলে দিচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমরা থাকব মগবাজার, ইস্কাটন, বেইলি রোডসহ সেগুনবাগিচায়। এ ছাড়া হোম ডেলিভারিও দেওয়া হবে। মোটি পাঁচটি ভ্যান এই সেবা দেবে।’

নাট্য সংগঠনের এমন উদ্যোগ প্রসঙ্গে অনন্ত হীরা বলেন, ‘আমাদের থিয়েটার বন্ধ চার মাস। মঞ্চের পর্দা খুলতে পারছি না। চাকরি হারিয়ে বেকার হয়েছে আমাদের কয়েকজন বন্ধু। আমাদের দলের অফিস যেখানে আমরা প্রতিনিয়ত নাটকের মহড়া করি, যেখানে আমাদের সব নাটকের সেট প্রপসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে যার সঙ্গে জড়িয়ে আছে থিয়েটারের প্রতিটি সদস্যের আত্মাÑ সেখানে গত চার মাস আমরা যেতে পারছি না। কিন্তু ভাড়া দিয়ে যাচ্ছি প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে। গত চার মাসে দেওয়া হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।’ তিনি আরও বলেন, “এই অবস্থায় প্রাঙ্গণেমোর কার্যালয়টি হারাবার আশঙ্কা করছেন কর্মীরা। এখানে থাকা ১৪টি চলমান প্রযোজনার সেট, প্রপস, প্রিন্টিং, কম্পিউটার, ব্যানারসহ প্রয়োজনীয় জিনিসের সঙ্গে রয়েছে প্রতিটি সদস্যের শ্রম, ঘাম আর আবেগের সম্পর্ক। তাই অফিসটি ধরে রাখতে ও কর্মহীন হয়ে পড়া সহকর্মীদের সাময়িক অর্থ সংকট মেটাতে চালু হয়েছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’।”

ইতিমধ্যে অর্থ সংকটে পড়ে দলটির অনেক সদস্য রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন বলেও জানান তিনি। নতুন এ উদ্যোগে তাদের সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন এই নাট্যনির্দেশক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত