২৩ বছর আগের ঘটনা। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে দর্শক পেটাতে গ্যালারিতে তেড়ে গিয়েছিলেন ইনজামাম-উল-হক। সেই দৃশ্যের সাক্ষী যারা, তাদের মনে দৃশ্যটা এখনো জ্বলজ্বলে। এমনকি ইনজামামের ক্যারিয়ারের অন্যতম অংশ হয়ে আছে সেটি।
তবে তখন শোনা গিয়েছিল দর্শকেরা ইনজামামকে ‘আলু’ ডাকায় ক্ষেপে যান তিনি। কিন্তু এতদিন পর ভিন্ন তথ্য দিচ্ছেন ওয়াকার ইউনিস। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের স্ত্রীকে কটূক্তি করাতেই ক্ষেপে গিয়েছিলেন ইনজামাম।
১৯৯৭ সালের কানাডার টরন্টোতে অনুষ্ঠিত সাহারা কাপের দ্বিতীয় ম্যাচে এই ঘটনা ঘটে। ১১৬ রান তাড়া করছিল ভারত। স্মৃতির পাতায় ফিরে গিয়ে ওয়াকার বলছেন, ইনিংসের ১৬তম ওভারে দেখা যায় ইনজামাম এক দর্শককে ব্যাট দিয়ে মারার চেষ্টা করছেন।
কিংবদন্তি পেসার বলেন, ‘দর্শকদের মধ্যে থেকে ইনজামামকে আলু বলে ডাকা হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। কেউ কেউ আজহারউদ্দিনের স্ত্রী সম্পর্কেও সেদিন খারাপ কথা বলছিল। ইনজির সেটা ভাল লাগেনি। সেই কারণেই প্রতিবাদ করে গ্যালারির দিকে তেড়ে গিয়েছিল।’
ওয়াকার আরো বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমরা মাঠে একে অপরের প্রতিপক্ষ ছিলাম ঠিকই কিন্তু আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। সেদিন গ্যালারি থেকে কেউ একজন আজহারের স্ত্রী সম্পর্কে বাজে কথা বলেছিল। সেই সময়ে সম্ভবত সেলিম মালিক অধিনায়ক ছিলেন। ওকে বলে ফাইন লেগে ফিল্ডিং করতে গিয়েছিল ইনজামাম। ক্রমাগত কটূক্তি সহ্য করতে না পেরে, টুয়েলভথ ম্যানকে ডেকে একটা ব্যাট আনিয়ে নিয়েছিল। এরপর সেই ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিল ইনজামাম।’
