করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন খেলা-অনুশীলন থেকে দূরে ক্রিকেটাররা। তবে মোহাম্মদ আশরাফুল বেশ কিছু দিন ধরেই উপায় খুঁজছিলেন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অল্প পরিসরে হলেও অনুশীলন শুরু করে দেওয়ার। অবশেষে শনিবার থেকে অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এদিন ৭ মিনিটের একটি ভিডিও আপলোড করেছেন আশরাফুল। যেখানে দেখা যাচ্ছে ক্যাচিং, নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন তিনি।
ডিভিও পোস্ট করে তার ক্যাপশনে আশরাফুল লিখেছেন, ‘১২০ দিন পর ক্রিকেট শুরু। আলহামদুলিল্লাহ অনুশীলনের সব কিছু ঠিক আছে।’
তা কোথায় অনুশীলন করলেন আশরাফুল? দেশ রূপান্তরকে দেশের ক্রিকেট সাবেক অধিনায়ক জানালেন, তার বাড়ির সামনেই আফতাবনগর গোরান ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন।
দীর্ঘদিন পর অনুশীলন, কোনো জড়তা কাজ করেছে কিনা জানতে চাইলে বললেন, ‘অনেক দিন পর যেহেতু করলাম, ভাবছিলাম কেমন হবে। তবে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে।’
