সুশান্তের আত্মহত্যা, আদিত্য চোপড়াকে চার ঘণ্টা পুলিশের জেরা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:১৭ এএম

মুম্বাই পুলিশ যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে জেরা করার পর আজ টানা চার ঘণ্টা জেরা করল রানি মুখোপাধ্যায়ের স্বামী তথা যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। এখনো পর্যন্ত পুলিশ ৩৪ জনের বয়ান রেকর্ড করেছে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করার পরেও মুম্বাই পুলিশ নানা ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার খবর সামনে আসার পর থেকেই নেটিজেনদের একটা বড় অংশ কাঠগড়ায় তুলেছে বলিউডের নামী প্রযোজনা সংস্থাগুলিকে। স্বজনপোষণের কাঁটায় বিদ্ধ হতে হয়েছিল সুশান্তকে, দাবি করেছেন তার অনুরাগী ও পরিচিতেরা। কঙ্গনা রানাওত নাম করে ‘মুভি মাফিয়া’ হিসেবে উল্লেখ করেছেন আদিত্য চোপড়া, করন জোহরদের নাম। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে পেশাদার জগতে রেষারেষির বিষয়টা শুরু থেকেই গুরুত্ব দিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

যশ রাজ ফিল্মসের সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঠিক কী চুক্তি হয়েছিল? কেন তৃতীয় ছবিটি হয়নি? কেনই বা সুশান্তকে তার প্রাপ্য টাকা দেওয়া হয়নি? যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থার কাস্টিং পরিচালক শানু শর্মাকে জিজ্ঞাসাবাদ করেও তেমন কোনো স্পষ্ট তথ্য প্রকাশ্যে না আসায় এবার আদিত্য চোপড়াকে ডাকল মুম্বাই পুলিশ।

প্রযোজক আদিত্য চোপড়ার বিরুদ্ধে সুশান্তের অনুরাগীদের এবং বিভিন্ন মাধ্যমে অভিযোগ ওঠে, তাকে ছবির কাজের জন্য অফার দিয়েও বারবার সরিয়ে দেওয়া হয়েছে। বলিউডে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে তাকে। জেরার ফলে ঠিক কী তথ্য পেল মুম্বাই পুলিশ তা অবশ্য এখনো প্রকাশ্যে আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত