প্রমাণ দিতে না পারলে পদ্মশ্রী ফেরাবেন কঙ্গনা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:৫২ এএম

ফের বিস্ফোরক মন্তব্য করলেন ‘বলিউড কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানৌত। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউডের একাধিক নামজাদা ব্যক্তি ও অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে নেপোটিজম ও ফেভারিটজম নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে সে বিষয়ে আবারও মুখ খুলেছেন তিনি। কঙ্গনা জানিয়েছেন, ‘আমার কথা শুনে অনেকেই বলেন বা ভাবেন আমি পাগল, তাতে কিছু যায়-আসে না আমার। তবে এটা মাথায় রাখুন, সুশান্তের মৃত্যু নিয়ে আমি যা বলেছি তা প্রমাণ না করতে পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব।’ সুশান্তের মৃত্যুর জন্য তিনি বারবার দায়ী করেছেন মহেশ ভাট, করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, আদিত্য চোপড়া এমনকি সিনেমা সমালোচক রাজীব মাসান্দের বিরুদ্ধে। এদিন সাক্ষাৎকারে আবারও তাদের নামে একই অভিযোগ করেছেন কঙ্গনা। তার তালিকা থেকে বাদ যায়নি মুম্বাই পুলিশও। কঙ্গনা জানিয়েছেন, ‘মুম্বাই পুলিশ কেন মহেশ ভাট ও আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে না? মুম্বাই পুলিশ তো আমাকে সমন করেছিল, আমি তাদের বলেছিলাম মানালিতে রয়েছি আমি। কেউ চাইলে এসে আমার বয়ান রেকর্ড করে নিয়ে যেতে পারে।’ বলিউডে নেপোটিজম নিয়ে বারবার সরব হয়েছেন কঙ্গনা। সুশান্তের মৃত্যুর পর সেই বিষয়ে তার আক্রমণের পরিমাণ আরও বেড়ে যায়। তার আক্রমণের তালিকায় শুধু অভিনেতা-অভিনেত্রী নন, রয়েছেন একাধিক সংবাদমাধ্যমের কর্মী ও সিনেমা সমালোচকরাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত