চ্যাম্পিয়ন্স লিগ জিততে আশাবাদী বার্সা কোচ

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০১:২৭ এএম

লা লিগা শিরোপা হাতছাড়া হয়ে গেছে বার্সেলোনার। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছেন কোচ কিকে সেতিয়েন।

ওসাসুনার বিপক্ষে সব শেষ ম্যাচে বার্সেলোনার ১-২ গোলে হেরে যাওয়াটা হতাশ করেছে সবাইকে। তা ছাড়া করোনা বিরতির পর বার্সেলোনা তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না মোটেও। যার খেসারত দিতে হয়েছে লিগ শিরোপা হারিয়ে।

লিওনেল মেসি তো ওসাসুনার বিপক্ষে ম্যাচের পর বলেই দিয়েছেন, এভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষেও হারতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৮ আগস্ট ঘরের মাঠে নাপোলির বিপক্ষে খেলবে বার্সা। যে ম্যাচ নিয়ে সেতিয়েন আশার কথা শোনালেন।

লা লিগার শেষ রাউন্ডে রবিবার আলাভেসের বিপক্ষে খেলবে বার্সা। সেই ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার আশার কথা জানান সেতিয়েন।

বলেন, ‘আমার মনে হয় ইউরোপিয়ান খেলাগুলোর কথা ভেবে আমাদের আগামী ম্যাচ (আলাভেসের বিপক্ষে) ভালো করা উচিত। আগামীকালের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যা আমাদের ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস জুগাতে পারে।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলে জয়ে যেমন খেলেছিল বার্সা, তেমন খেলতে পারলে চ্যাম্পিয়ন্স লিগ জয় সম্ভব বলে মনে করেন সেতিয়েন। তার কথায়, ‘আমাদের আরো নির্ভরযোগ্য দল হওয়া শিখতে হবে। যদি আমরা ভিয়ারিয়ালের বিপক্ষে যেমন খেলেছিলাম, সেই রকম খেলতে পারি, তাহলে আমি নিশ্চিত আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত