থ্রিটিসি ম্যাচে ডি ভিলিয়ার্স-মারকরাম ঝড়

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৪:৪১ এএম

ক্রিকেটে একেবারেই ভিন্ন এক ফরম্যাট আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। যা আগে কখনো দেখেনি দর্শকেরা। এক ম্যাচে মাঠে নামল তিন দল। ৩৬ ওভারের অভিনব এই ক্রিকেট ম্যাচে ঝড় তুলেছিলেন এবি ডি ভিলিয়ার্স ও আইডেন মারকরাম। এই দুইয়ের ব্যাটে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত থ্রিটিসি ম্যাচে জয় পেয়েছে ঈগলস।

৩৬ ওভারের এই ম্যাচ হয় দুই অর্ধে। প্রতি অর্ধে তিনটি দল একবার করে ব্যাট করে। প্রথম পর্বে ৬ ও দ্বিতীয় পর্বে ৬, অর্থাৎ প্রতিটি দল মোট সুযোগ পায় ১২ ওভার ব্যাটিংয়ের।

প্রথমার্ধে যেখানে ব্যাটিং শেষ হয়েছিল, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করতে হয়। ৩৬ ওভার শেষ তিন দলের মোট রান হিসেব করে জয়ী নির্ধারণ করা হয়।

ম্যাচের প্রথমার্ধে ঈগলস ৬ ওভারে ১ উইকেটে ৬৬ রান তোলে। কাইটস তোলে ১ উইকেটে ৫৮ রান। কিংফিশার ৬ ওভারে সংগ্রহ করে ২ উইকেটে ৫৬ রান।

দ্বিতীয়ার্ধে ঈগলস ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। কাইটস ২ উইকেট হারিয়ে ৮০ রান তোলে। কিংফিশার শেষ ৬ ওভারে তোলে ৩ উইকেটে ৫৭ রান।

অর্থাৎ, দুই অর্ধ মিলিয়ে ঈগলসের রান দাঁড়ায় ১২ ওভারে ৪ উইকেটে ১৬০। আইডেন মারকরাম ৩৩ বলে ৭০ রান করেন। ডি ভিলিয়ার্স করেন ২৪ বলে ৬১ রান। ৬টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি।

দুই অর্ধ মিলিয়ে কাইটস সংগ্রহ করে ১২ ওভারে ৩ উইকেটে ১৩৮ রান। প্রিটোরিয়াস ১৭ বলে অপরাজিত ৫০ রান করেন। স্মুটস করেন ২৬ বলে ৪৮ রান।

কিংফিশার ১২ ওভারে তোলে ৫ উইকেটে ১১৩ রান। মালান ১৬ বলে ৩১ ও ফ্যাফ ডু প্লেসি ১২ বলে ২৮ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত