বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে। গতকাল শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৫ জুলাই আপরাহ্ণ থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতিপূর্বক বাংলাদেশ নৌবাহিনীপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নৌপ্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ১ জুন ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ১৯৮২ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি নৌবাহিনীর বহু পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের স্থানীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত করা, মিয়ানমার-টেকনাফ মাদক এবং মানব পাচার রোধে বিশেষ অবদান রাখাসহ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন।
ব্যক্তিজীবনে রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, তার আদিবাস কুমিল্লায়। তিনি মনিরা রওশন আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত এবং তার স্ত্রী ইউএনএফপিএতে গবেষক হিসেবে কাজ করে যাচ্ছেন।
