কৃষকের খাসি চুরি করে খেলেন যুবলীগ নেতা!

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৬:৫৪ এএম

পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের খাসি চুরি করে খাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কড়িচালা এলাকায়। গতকাল শনিবার এ ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পুলিশ ওই যুবলীগ নেতা রফিকুল ইসলামের দুই সহযোগীকে আটক করেছে। অভিযুক্ত যুবলীগ নেতা ফুলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ। আর আটক হওয়া তার দুই সহযোগী হলেন, কড়িচালা গ্রামের মালেক মণ্ডল (৪২) এবং একই গ্রামের মো. তাইজুদ্দিন (৪৫) ।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, কড়িচালা গ্রামের কৃষক নূর ইসলাম একটি খাসি পালন করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে তার স্ত্রী বাড়িতে তালা দিয়ে পাশের গ্রামে জরুরি কাজে যান। সেখান থেকে বাড়িতে ফিরে দেখতে পান ঘরের বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন খাসি নেই।

পরে স্থানীয়রা রক্তের দাগ অনুসরণ করে মালেক মণ্ডলের বাড়ি গিয়ে তল্লাশি করে খাসির মাংস পায়। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ সেখানে পৌঁছে মালেকের দেওয়া তথ্যে তাইজুদ্দিনকেও আটক করে।

কালিয়াকৈর থানা সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে, আটক দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বেই তারা খাসি চুরি করে নিয়ে আসেন।

তবে খাসি চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন রফিকুল ইসলাম। তিনি বলেছেন, আটক দুজন কারও প্ররোচনায় পুলিশের কাছে তার নাম বলেছেন। তিনি এই ঘটনায় জড়িত না হয়েও পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। রফিকুল ইসলাম এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি সানোয়ার জাহান জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলেও তাদেরও গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত