২৯৬০জন ক্রীড়াবিদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৮:৫৪ পিএম

দেশের তৃণমূল পর্যায়ে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার মাঝে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রবিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের মাঝে চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ঢাকা ও এর পার্শ্ববর্তী দশটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্য বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার চেকসমূহ ডাকযোগে প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে।

দেশের ৬৪ জেলা থেকে ৪৫ জন করে এবং ৮ বিভাগ থেকে ১০ জন করে সর্বমোট ২৯৬০ জন ক্রীড়া ব্যক্তিত্ব পাবেন এই অর্থ। প্রত্যেককে ৭ হাজার টাকা করে সর্বমোট ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা দেয়া হবে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় প্রশাসনের সহায়তায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের হাতে তুলে দেবেন এ অর্থ।

এই সহায়তা কার্যক্রমে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকদের জন্যও অর্থ সহায়তা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠনকে জাতীয় ক্রীড়া পরিষদ সাড়ে ৯ লাখ টাকা দিয়েছে। সংস্থাগুলো নিজেদের মতো করে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকদের মধ্যে এ টাকা বণ্টন করবে।

অর্থাৎ সব মিলে এদিন দুই কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার অর্থ সাহায্য দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি।’

‘আজ আমরা ৮ টি বিভাগীয় ও ৬৪ টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করছি। আর এ সকল উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিক নির্দেশনায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সরকারের এ মানবিক সহায়তা কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ ও ক্রীড়া সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত