এসডিজি বাস্তবায়নে ২৫ যুব সংগঠনের প্রস্তাবনা

আপডেট : ২০ জুলাই ২০২০, ১২:৪৫ এএম

করোনায় বিশ্বের অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তা উত্তরণে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তাবায়নে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে দেশের ২৫টি যুব সংগঠন।

রবিবার প্রস্তাবনাগুলি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এছাড়া, বিশ্বের আরও ৪৬টি দেশের সরকার ও জাতিসংঘের কাছেও এ বিষয়ে প্রতিবেদন দেয়া হয়েছে।

যুব সংগঠনগুলোর প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো তরুণদের সংযুক্ত করে স্বাস্থ্য খাতের উন্নয়ন, করোনা পরবর্তী অর্থনীতি মোকাবিলায় কর্মমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে তরুণদের প্রাধান্য দেওয়া। তরুণদের জন্য বিশেষ ট্যাক্স রেয়াতের ব্যবস্থা করা ও তাদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া।

সংগঠনগুলো মনে করে, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তরুণরা। তাই এসডিজির যে ১৭টি লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলোতে তরুণদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিপুলসংখ্যক তরুণকে কাজে লাগিয়ে এই লক্ষ্য অর্জন করতে হবে।

এ বিষয়ে যুব-সংগঠন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত দেশ রূপান্তরকে বলেন, করোনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তা উদ্বেগজনক। স্বাস্থ্য খাতের অবস্থাও খুবই খারাপ আকার ধারণ করেছে। আমরা মনে করি, এ পরিস্থিতি কাটিয়ে উঠতে যুব সমাজকে সরাসরি কাজে লাগানোর বিকল্প নেই। তাই স্বাস্থ্য ও শিল্প খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো নিশ্চিত করার জন্যই আমাদের এই প্রস্তাবনা।

যে ২৫টি তরুণ সংগঠন অংশগ্রহণ ও সমর্থন করেছেন, তাদের মধ্যে রয়েছে- সিরাক-বাংলাদেশ, কোয়ালিশন অব ইয়ুথ অর্গানাইজেশন ইন বাংলাদেশ (সিওয়াইওবি), বাংলাদেশ ইয়ুথ হেলথ অ্যাকশন নেটওয়ার্ক (বিহান), বেঙ্গল এইড, ঘাসফুল, গোলস ফর জেনারেশন, ইচ্ছে ফোরাম- রাজশাহী, আইওয়াইএফপি বাংলাদেশ, জাগ্রত বিবেক ফাউন্ডেশন, কপোত ইয়ুথ অর্গানাইজেশন, রুমিসা ফাউন্ডেশন, এসডিজি ইয়ুথ ফোরাম, স্বচ্ছ ফাউন্ডেশন, স্পিক অ্যান্ড অ্যাক্ট, তরি, জাতিসংঘের যুব উপদেষ্টা পরিষদ বাংলাদেশ, উইথ সি, ওয়াক ফর অল, ইয়ুথ নেক্সাস, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, ওয়াই-কোয়ালিশন, ইয়ং ফর চেঞ্জ, ইয়ুথ হাব, ইয়ুথ প্ল্যাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং ইয়ুথ এগেইন্সট হাঙ্গার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত