জনস্বাস্থ্য প্রকৌশল

অধিদপ্তরে ৮৩ প্রকৌশলীর বিধিবহির্ভূত পদোন্নতি হচ্ছে!

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৫:২৩ এএম

৮৩ প্রকৌশলীকে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দিতে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সরকার বিভাগের অধীন সংস্থাটিতে আগামী ২২ জুলাই ৮৩ জন সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সংস্থার বর্তমান নিয়মে প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা ও নন-ক্যাডার এসব প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী করার আইনগত কোনো সুযোগ নেই। এ ছাড়া এ পদোন্নতি দেওয়া হলে জ্যেষ্ঠতা অনুযায়ী অন্তত ২৬ জন ডিপ্লোমা প্রকৌশলী এ পদ থেকে বঞ্চিত হবেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হন ৩১ জন সহকারী প্রকৌশলী। আবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নন-ক্যাডার থেকে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান আরও ৬৪ জন। তাদের মধ্যে থেকে ৮৩ জনকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২১ জুন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. খায়রুল ইসলাম স্বাক্ষরিত  এক চিঠিতে বলা হয়েছে, ‘৮৩ প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পদোন্নতি সভা ২২ জুলাই অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ এ সভায় সভাপতিত্ব করবেন।’

অধিদপ্তরের একাধিক ডিপ্লোমা প্রকৌশলী বলেন, তাদের পদোন্নতি দিতে হলে প্রথমে ক্যাডার কর্মকর্তা করতে হবে। তাদের ক্যাডারভুক্ত করতে হলে বিদ্যমান নিয়োগবিধি সংশোধন করতে হবে। এরপর উচ্চতর স্কেলে তারা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেতে পারেন। কিন্তু এসব কিছুর তোয়াক্কা করা হচ্ছে না। ইতিপূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধন না করেই অধিদপ্তরের ৯৫টি নন-ক্যাডার পদ ক্যাডার করা হয়েছিল। পরে আদালতে মামলা ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ক্যাডারে অন্তর্ভুক্তির এ আদেশ বাতিল করা হয়। এরপর ৯৫ জনকে ক্যাডার করার জন্য নিয়োগবিধি সংশোধনের করতে স্থানীয় সরকার বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রস্তাবটি বিধিসম্মত না হওয়ায় অনুমোদন না করে ফেরত পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

একাধিক ডিপ্লোমা প্রকৌশলী ক্ষোভ প্রকাশ করে দেশ রূপান্তরকে বলেন, এত কিছুর পরও ৯৫ জনকে আবারও নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিধি অনুযায়ী, ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে থেকে সহকারী প্রকৌশলী হওয়ার কথা ৩৩ ভাগ। এরপর জ্যেষ্ঠতা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্য থেকে এই মুহূর্তে আরও ২৪ জন নির্বাহী প্রকৌশলী হওয়ার কথা রয়েছে। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এতে ডিপ্লোমা প্রকৌশলীরা পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। আবার সংস্থার পদোন্নতির ক্ষেত্রেও একটি অনিয়মের নজির তৈরি হবে।

এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ২২ জুলাই এ সংক্রান্ত একটি সভা আছে। সেখানে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়, পাবলিক সার্ভিস কমিশনসহ বেশকিছু সংস্থার প্রতিনিধি থাকবে। তারা সব আইনকানুন যাচাই-বাছাই করবে। এছাড়া পদোন্নতি সংক্রান্ত বিষয়ে আদালতের মামলাও রয়েছে। এ বিষয়টিও আমাদের নজরে রয়েছে। এখানে তড়িঘড়ি করে কিছুই করা হবে না।’

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম দেশ রূপান্তরকে বলেন, ‘২২ জুলাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পদোন্নতি সংক্রান্ত একটি সভা আছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। বিধিমতো আমরা ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত