গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজরা হলো জামালপুরের বকশীগঞ্জ থানার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে সাকিব হোসেন (১৩) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তাজপুর গ্রামের রবিন্দ্রনাথের ছেলে দুর্জয় সরকার (১৪)। তারা নাওজোড় পাথরপাড়া এলাকার প্রগতি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে কড্ডার তুরাগ নদীতে রাবারের টিউব নিয়ে গোসল করতে নামে ছয় কিশোর। তীব্র স্রোতে টিউব উল্টে গেলে দুর্জয় এবং সাকিব ডুবে যায়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী এসে খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে জানায়। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে। ডুবুরি দলের লিডার আশরাফুল ইসলাম জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
