এতদিন দফায় দফায় মহেশ ভাটের ওপর ক্ষোভ দেখিয়ে এসেছেন আলিয়া ভাট। এখন শোনা যাচ্ছে, আদিত্য রায় কাপুরও এই প্রযোজক-পরিচালকের ওপর ভীষণ ক্ষুব্ধ।
আনন্দবাজার পত্রিকা জানায়, ‘সড়ক টু’-এ তার চরিত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন আদিত্য।
অবশ্য অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘আশিকি টু’ এই ভাটদের ব্যানারে নির্মিত। পরিচালক মোহিত সুরির সঙ্গে তার সম্পর্কও ভালো। তবে সম্প্রতি ‘এক ভিলেন টু’ থেকে সরে দাঁড়িয়েছেন আদিত্য।
শোনা যাচ্ছে, আদিত্যের ক্ষোভের কারণ, ‘সড়ক টু’-এ তার চরিত্রটিকে পার্শ্বচরিত্র হিসেবে দেখানো হচ্ছে। লাইমলাইটের কেন্দ্রে রয়েছেন আলিয়া ভাট। মহেশকে নাকি নিজের অসন্তোষের কথা জানিয়েছেনও অভিনেতা।
এই ছবিতে ফিরতে চলেছে অরিজিনাল ‘সড়ক’-এর জুটি সঞ্জয় দত্ত ও পূজা ভাট। আবার বাবা মহেশ ভাটের পরিচালনায় প্রথম ছবি আলিয়ার। তাই তার ওপরে নজর থাকা স্বাভাবিক।
এ দিকে শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে স্বজনপোষণ বিতর্কে অনেকেই সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন।