পুলিশকে দুর্নীতি মাদকমুক্ত দেখতে চাই : আইজিপি

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৬:২৫ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেখতে চাই। আপনার এলাকায় হয় আপনি থাকবেন অথবা মাদক থাকবে। মাদক থাকলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকলে মাদক থাকবে না। গতকাল সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে খুলনা রেঞ্জ এবং রেঞ্জের অধীন জেলাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ইউনিট কমান্ডারদের তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে, তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে অত্যন্ত উদারভাবে। এ সময় তিনি খুলনা রেঞ্জ এলাকায় যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে ও মানবিক পুলিশিংয়ের বর্তমান ধারাকে আরও সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্পসমূহের কার্যক্রম রিভিউ করতে নির্দেশ দেন।

বেনজীর আহমেদ বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান করতে প্রয়াজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পুলিশের ভেতরে এবং বাইরে কোনো দুর্নীতি থাকতে পারবে না।

প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে এসে প্রযুক্তিভিত্তিক ইনোভেটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের নিয়মিত জ্ঞানচর্চা করতে হবে। পুলিশসংক্রান্ত আইনকানুন, বিধিবিধান ইত্যাদি সম্পর্কে জ্ঞান অন্বেষণের মাধ্যমে পেশাগত দক্ষতার উন্মেষ ঘটাতে হবে। পেশাগত জ্ঞান ও উত্তম চর্চার বিষয়ে সব সময় আপ টু ডেট থাকতে হবে। ভালোবাসলে মানুষ তার প্রতিদান দেন। এর প্রমাণ বর্তমান করোনাকালে পুলিশের প্রতি মানুষের অগাধ ভালোবাসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত