‘একটা চামচের দাম ১ হাজার, ১টা বটির দাম ১০ হাজার টাকা’

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৪:২৮ পিএম

সরকারের বিভিন্ন দফতরগুলোতে সীমাহীন দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘খবরের কাগজে বেরিয়েছে একটা চামচের দাম ১ হাজার টাকা আর ১টা বটির দাম ১০ হাজার টাকা।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মুখপাত্র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ বর্তমান দুর্বৃত্তপরায়ণ কর্তৃত্ববাদী শাসকের যাঁতাকলে নিষ্পেষিত। দেশবাসী তাদের ভয়ঙ্কর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে।’

রিজভী বলেন, আজকে কোথায় উন্নয়ন? আজকের দু’দিনের বৃষ্টিতে ঢাকা শহর পানিতে তলিয়ে যায়। হাঁটুপানি কোমর পানি ভেঙে নগরবাসীকে চলাচল করতে হচ্ছে। এই সরকার তাহলে কোথায় উন্নয়ন করছে?

‘তারা উন্নয়ন করেছে আসলে ফ্লাইওভারে, তারা উন্নয়ন করেছে মেগা প্রজেক্ট। কারণ সেখানে শুধুই কাঁচা টাকা। তারা হাসপাতালের দিকে নজর দেয়নি। …ভালো কোনো কিছুতেই সরকারের অবদান নেই’ যোগ করেন তিনি।

বিএনপি মুখপাত্র বলেন, ‘বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। আজকে এইসব দুর্নীতির সঙ্গে জড়িত কারা? পত্রিকার খবরে বলা হচ্ছে- মন্ত্রী-এমপি ও তাদের সন্তানেরা জড়িত।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, আজকে বর্তমান সরকারের আমলে বিরোধী দলের কোনো ছেলেমেয়ে চাকরি পাচ্ছে না। তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিএনপি বা বিরোধী দলের পরিবারের কেউ সরকারি চাকরিতে গেলে সেই প্রার্থীর বংশে বা আত্মীয়-স্বজনের মধ্যে যদি কেউ বিএনপি সমর্থক থাকে তাহলে তার কোনো চাকরি নেই।

রিজভী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তরুণদের সরকার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। প্রতিবাদ বন্ধ করার জন্য বিএনপির তরুণদের রাতের আঁধারে তুলে নিয়ে গুম করা হয়, স্বীকার করা হয় না।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সদ্য প্রয়াত আবদুল আউয়াল খান স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

এ সময় অন্যদের মধ্যে কৃষক দলের সদস্য মাইনুল ইসলাম, আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইফতেখারুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক দলের মোর্শেদ আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত