গাজীপুর সদর উপজেলায় বৃষ্টির পানিতে খেলতে গিয়ে গর্তে পড়ে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তরপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো, নেত্রকোনার বারহাট্টা থানার তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা থানার জিয়াউল ইসলামের মেয়ে মিষ্টি (১০) ও একই থানার সুজায়েতপুরের শামীমের ছেলে ফরহাদ (৬)। জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসাইন জানান, মৃত শিশুদের অভিভাবকরা ভাওয়াল মির্জাপুর উত্তরপাড়ায় পৃথক বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে বৃষ্টি হচ্ছিল। এ সময় চার শিশু বাড়ির পার্শ্ববর্তী জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলতে যায়। সেখানে একটি গভীর গর্ত থাকলেও পানির কারণে দেখা যাচ্ছিল না। শিশুরা খেলার সময় ওই গর্তে পড়ে ডুবে যায়। বিকেল পর্যন্ত তারা বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যায় ওই জমির এক পাশে তাদের স্যান্ডেল দেখতে পেয়ে তল্লাশি করে গর্ত থেকে মরদেহগুলো উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার হিরো মিয়ার ছেলে রাহিম মিয়া (৩) তুরাগ নদে নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হিরো মিয়ার পুরাতন জুতা বাড়ির পাশে তুরাগ নদে ফেলে দেন তার স্ত্রী। জুতা পানিতে ভেসে যেতে দেখে রাহিম তা তোলার চেষ্টা করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। পরে দমকল বাহিনীর ডুবুরিরা এসে তৎপরতা চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাননি বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম।
