কক্সবাজারে কাভার্ড ভ্যান লেগুনা সংঘর্ষে নিহত ৭

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৬:৫২ এএম

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেলেও অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত ওই চারজন হলেন চকরিয়ার নতুন বাজার এলাকার বদিউল আলম (৫০), কোনাখালী এলাকার ফিরোজ আহমদ (৩২), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আল আমিন (৪৮), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩)।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এতে থাকা ৯ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়–য়া জানান, বাকি দুজনের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি চকরিয়া হাইওয়ে পুলিশ জব্দ করেছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত : প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় রাশেদুজ্জামান তন্ময় (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তন্ময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। কুষ্টিয়া রেলওয়ে সার্কেলে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত