স্বাস্থ্য খাতের অনিয়ম খতিয়ে দেখতে সরকার একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘টাস্কফোর্সের মাধ্যমে দেশে হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কি না তা খতিয়ে দেখা হবে।’ গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে মাস্ক ও পিপিই নিয়ে অনিয়ম ও রিজেন্ট-জেকেজি কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে দায়িত্ব থেকে সরানো হয়।
আমিনুল হাসানকে বদলি করা হচ্ছে কি-না, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘কেবল হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে, সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’
স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক কবে যোগ দেবেন? এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।’
করোনাভাইরাস প্রতিরোধে চীনের উদ্ভাবিত টিকার বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ কীভাবে হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া অন্যান্য দেশে টিকা তৈরিতে অগ্রগতির দিকেও নজর রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন ‘দেশের জন্য যা ভালো হবে, সরকার সে রকম সিদ্ধান্তই নেবে।’
