‘বউ সামলাতে পারেনি, আবার অন্যকে জ্ঞান দিচ্ছে’

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০১:৩৭ পিএম

‘কুইন’ সিনেমা দিয়েই কঙ্গনা রনৌতের উত্থান। সেই ছবির প্রযোজক ছিলেন অনুরাগ কাশ্যপ। ফলে তাদের সমীকরণ বরাবরই ভালো ছিল। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন সব চেনা গল্প পাল্টে দিল।

সম্প্রতি বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। তাপসী পান্নু থেকে মহেশ ভাট— তার কোপ ও তোপ থেকে বাদ পড়েননি কেউই। বাকি ছিলেন অনুরাগ। শনিবার এক চ্যানেলের সাক্ষাৎকারে তাকেও ‘মিনি মহেশ ভাট’ তকমা দিলেন কঙ্গনা।

কী কারণে ‘বন্ধু’ হয়ে গেলেন ‘শত্রু’? কঙ্গনার টিমের দাবি, এর আগে নাকি একগুচ্ছে টুইটে পরিচালক অভিনেত্রীর উদ্দেশে বলেন, কঙ্গনাকে উসকাচ্ছেন কিছু সুযোগসন্ধানী মানুষ। আসলে কঙ্গনা একদম একা। বলিউডে তার শুভাকাঙ্খী কেউ নেই। সবাই তাকে যুদ্ধে নামিয়ে মজা দেখছে।

ব্যাস, দেখতে দেখতে শুরু বাগযুদ্ধ। তখনই অভিনেত্রীর টিম বলল, ‍“নিজের বউকেই (কালকি কাচলিন) সামলাতে পারেনি। সে চলেছে অন্যকে জ্ঞান দিতে!’’

এমন বিদ্রূপে ছেড়ে দেওয়ার মানুষ নন অনুরাগ। একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তার বক্রোক্তি, ‘‘নারীকে সামলাতে হয় না! নারী নিজেকে নিজেই সামলে নেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, যারা আমাকে এত কথা শোনাচ্ছেন তাদের ও তাদের পুরো পরিবার সামলানোর ক্ষমতা রাখেন একজন নারী।’’

এর পরেই কালকি প্রসঙ্গে বলেন, “উনি তো আমার কেনা দাসী ছিলেন না, যে ধরে বেঁধে রাখব! মতে মেলেনি। কালকি তাই চলে গেছেন। কিন্তু আপনাদের স্বামী/বউ বাড়িতে আছেন তো?”

অনেকে বলে থাকেন, রাজনৈতিক কারণেই অনুরাগ ও কঙ্গনার বন্ধুত্বে ফাটল ধরেছে।

কঙ্গনার এক ভক্ত অনুরাগকে ‘মুভি মাফিয়া’ গোষ্ঠীর সদস্য বলে চিহ্নিত করে। তাতে অনুরাগের টুইট, ‘‘আমার ছবি ধর্মা, এক্সেল, যশ রাজ প্রোডিউস করে না। নিজের সংস্থা খুলে কাজ করেছি, যে সংস্থা থেকে ‘কুইন’ প্রোডিউস করেছিলাম, যখন কঙ্গনার হাতে কোনো কাজ ছিল না।’’ অভিনেত্রীও পাল্টা জবাব দিতে সময় নেননি, ‘‘এটার মতো আর একটা সত্যি হলো, ওই প্রযোজনা সংস্থা থেকে ‘কুইন’ই একমাত্র হিট ছবি। আমার মতো তোমারও তাই কৃতজ্ঞ থাকা উচিত।’’

টুইটারে একজন অনুরাগকে পরামর্শ দেয়— ভার্চুয়াল ঝগড়া না করে কঙ্গনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য। তাতে অনুরাগের জবাব, ‘‘শেষবার যখন মেসেজ করেছিলাম, তার উত্তর ও টুইটারে দিয়েছিল। এই প্ল্যাটফর্মেই ও আমার সঙ্গে কথা বলে এখন।’’

এই বিতর্কে কঙ্গনার বিপক্ষে দাঁড়িয়েছেন হেনসেল মেহতা, অনুভব সিনহার মতো পরিচালকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত