২০২৩ বিশ্বকাপ পেছানোর কারণ পিএসএল!

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১১:৫১ পিএম

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইপিএল আয়োজনের সুযোগ করে দিতেই এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বেশ কজন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু এর মাঝেই খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পিএসএল আয়োজনের সুযোগ দিতে পিছিয়ে দেওয়ার হয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ!

এ বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে। এই আসর এক বছর পিছিয়ে হবে ২০২১ সালে।

আর ২০২১ সালে ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হবে ২০২২ সালে। পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচিও। ভারতে মার্চ-এপ্রিলে এই আসর বসার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হবে অক্টোবর-নভেম্বরে।

এ অবস্থায় একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আইসিসি ২০২৩ বিশ্বকাপ কয়েক মাস পিছিয়ে দিয়েছে পাকিস্তানের অনুরোধে। কারণ, ২০২৩ বিশ্বকাপ যে সময় হওয়ার কথা ছিল সেই সময়ই সাধারণত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করে থাকে পিসিবি।

সংবাদমাধ্যমটির দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানির অনুরোধেই ২০২৩ বিশ্বকাপ কয়েকমাস পিছিয়েছে আইসিসি। যদিও আইসিসির দাবি, মাত্র কয়েক মাসের ব্যবধানে দুটি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। সেকারণেই ২০২৩ বিশ্বকাপ পেছাতে হয়েছে।

খবর: আজকাল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত