আসছে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে যে কোনো ধরনের চাঁদাবাজি রুখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সড়ক ও নৌপথে কোরবানির পশুবাহী যান চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে পুলিশপ্রধান বলেন, ‘কোরবানির পশুবাহী গাড়ি অথবা ট্রলার কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ক্যাম্প স্থাপন করবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করতে হবে।’
ঈদে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখারও নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে কোনো গাড়ি থামানো যাবে না। ট্রেনের টিকিট যাতে কালোবাজারি না হয় সেক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। বাস এবং অন্যান্য পরিবহনে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ছাড়া যাত্রা শুরুর প্রান্তেই সব ধরনের পরিবহনে জীবাণুনাশক ছিটানো নিশ্চিত করতে হবে। মহাসড়ক, সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে থ্রি হুইলার, করিমন, নসিমন ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।’
বর্তমান করোনা পরিস্থিতিতে কিছু কিছু অপরাধ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন বেনজীর আহমেদ। এজন্য তিনি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ বন্ধের লক্ষ্যে পেট্রোল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
