কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর ক্যানসারের চিকিৎসার জন্য নিজেদের লেখা ই-বুকের শুভেচ্ছা মূল্যের পুরোটাই ব্যয় করবেন বিভাগের শিক্ষার্থীরা।
তারুণ্য প্রকাশনী থেকে ই-বুক আকারে প্রকাশিত বিভাগের ১০ জন শিক্ষার্থীর লেখা যৌথ কাব্য গ্রন্থ ‘ভাঙ্গা গড়ার শব্দ’ বিক্রি করে এভাবেই সহপাঠীর পাশে দাঁড়াতে চাইছেন তারা। সোহাগ মনির সম্পাদনায় প্রকাশিত বইটি মেহেদীকে উৎসর্গ করা হয়েছে।
এতে কবিতা লিখেছেন- সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নিশা, নুহাশ রহমান, ফাতেমা রহিম রিন্স, রফিক উদ্দীন, সানজিদা আক্তার অপর্ণা, ইমতিয়াজ হাসান রিফাত, ওয়াফা আক্তার রিমু, চৌধুরী মাসাবিহ, হুমায়রা কবির ও আঞ্জুমান শীমু।
যৌথ এ গ্রন্থটির শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫০ টাকা। তবে তানিনের কথা ভেবে যদি কেউ এর মূল্য বাড়িয়ে প্রদান করতে চায় তাও হবে গ্রহণ যোগ্য।
শিক্ষার্থীদের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম বলেন, মানুষ বাঁচানোর লড়াটাই শ্রেষ্ঠ কবিতা। কবিতারা হারে না, শিক্ষার্থীদের এমন উদ্যোগে আবেগতাড়িত হয়ে পড়ি।
গ্রন্থের সমন্বয়ক ও সম্পাদক সোহাগ মনি বলেন, ক্যানসার আক্রান্ত তানিনের পাশে দাঁড়ানোটাই আমাদের উদ্দেশ্য। বইটির শুভেচ্ছা মূল্য আমরা তুলে দেব তানিনের হাতে। আমরা যদি ১ টাকাও তুলে তানিনের হাতে দিতে পারি, সেটাই আমাদের অর্জন এবং ভালো লাগা হয়ে থাকবে। এটা এই বিভাগের একটা অর্জন হয় থাকবে আমি মনে করি।
উল্লেখ্য, তানিন মেহেদী দুরারোগ্য ক্যানসার জয় করার পর সম্প্রতি আবারও অসুস্থতায় ভুগছেন। তানিনের ফুসফুসে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ছয় থেকে সাতটি কেমোথেরাপি দিতে হবে। এতে ব্যয় হবে প্রায় তিন লাখ টাকা।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের যৌথ গ্রন্থটি শুভেচ্ছা মূল্যের বিনিময়ে নিয়ে ক্যানসার আক্রান্ত তানিনের পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়। আর পেমেন্ট এর জন্য- ০১৭৬৫৫৬৬৬১৬২-রকেট- আরাফাত; ০১৬২১৮৯২৫৭৪ - বিকাশ -(পার্সোনাল) – সোহাগ; ০১৯৮০১৪৮৭১৪৬- রকেট – রিফাত।
