পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ নিহত ৪

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৬:৪২ এএম

রাজধানীর তুরাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে দিয়াবাড়ির নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের ভাষ্য, ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫) নামে ওই দুজন মাদক কারবারি ছিল। এ ছাড়া গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে দিয়াবাড়ির নৌকাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেলে তল্লাশি চালায় র‌্যাব। রাত আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে করে চেকপোস্ট পার হচ্ছিল ইব্রাহিম ও ফারুক। এ সময় র‌্যাব তাদের থামার জন্য সংকেত দিলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ওই দুজন গুলিবিদ্ধ হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকিন জানান, নিহতদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে টেকনাফের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারভুক্ত আসামি উখিয়ার রাজাপালং ইউপি সদস্য বখতিয়ার আহমদ প্রকাশ (৫৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. তাহেরকে (২৭) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে গেলে ঘটনাস্থলে থাকা কয়েকজন ইয়াবা কারবারি আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় তৈরি এলজি, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা, ২০ হাজার ইয়াবাসহ বখতিয়ার ও তাহেরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্যও আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত