স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, স্বাস্থ্য খাতে অতীতে অনেক দুর্নীতি হয়েছে। দুর্নীতি করে পার পেয়ে গেছেন অনেকেই। কিন্তু বর্তমান সরকার কাউকে ছাড় দিচ্ছে না। যেখানে অনিয়ম-দুর্নীতি সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সেটি শুধু রাজধানী বা শহরকেন্দ্রিক নয়, উপজেলা পর্যায়েও। সেগুলো জনগণকে বুঝতে হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরবের করোনা আইসোলেশন কেন্দ্র ভৈরব ট্রমা সেন্টার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে স্বাস্থ্য খাতে লোকবলসহ আনুষঙ্গিক সরঞ্জাম সরবরাহ বৃদ্ধি করেছেন। আমাদের সেগুলোকে কাজে লাগাতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করে দেশের মানুষের চিকিৎসাসেবা উন্নত করার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আবদুল মান্নান বলেন, যারা অন্যায়, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মানুষকে হয়রানি করবে, সাধারণ মানুষকে ক্ষতি করবে, তাদের আর ছাড় দেওয়া হবে না। চিকিৎসা নিতে যাওয়া সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে কেউ রেহাই পাবে না।
এখন থেকে জেলা-উপজেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষ সেবা নিতে পারছে কি না, তার নজরদারি করা হবে। একজন গরিব মানুষ ডাক্তারের কাছে গেলে অযথা ১০টি টেস্ট দেবে, এসব করতে দেওয়া হবে না বলেও জানান সচিব। এ সময় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
