করোনার কারণে কিছুটা কমিয়ে ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইংলিশ ঘরোয়া মৌসুম। চার মাস আগেই শুরুর কথা ছিল ইংলিশ কাউন্টির। মহামারীর কারণে তা সম্ভব না হওয়ায় এখন এক রাউন্ডের কাউন্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। আর এই আসরের নামকরণ করা হয়েছে সাবেক কিংবদন্তি পেসার বব উইলিসের নামে।
কাউন্টির সূচিসহ শুক্রবার নতুন মৌসুম চূড়ান্ত করেছে ইসিবি। তাতে নারী ক্রিকেটারদের জন্য একটি আট দলের ওয়ানডে টুর্নামেন্ট এবং টি-টোয়েন্টি আসর ভাইটালিটি ব্লাস্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ইসিবি। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ২৭ আগস্ট থেকে। তবে ইংল্যান্ডের নতুন আসর দি হান্ড্রেড নেই এই মৌসুমে।
করোনার কারণে এবার কাউন্টিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার এক দিনে ৯৬ ওভার না হয়ে কমপক্ষে ৯০ ওভার খেলা হবে। প্রতি ম্যাচের প্রথম ইনিংস হবে ১২০ ওভারের। এর বেশি ব্যাট করতে পারবে না কোনো দল। ফলোঅনের সীমা ১৫০ থেকে বাড়িয়ে ২০০ রান করা হয়েছে। আর নতুন বল ৮০ ওভারের বদলে ৯০ ওভারে নিতে পারবে ফিল্ডিং দল। কাউন্টির ১৮ দল ছয় দলের তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে।
