জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে ছোট ভাই খুন

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৯:২৯ পিএম

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাই রুহুল আমিন (৫০) নিহত হয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বড় ভাই মোতালেব হোসেন (৬০), তার স্ত্রী আলেমা বেগম (৫৫) ও ছেলে আশেক এলাহীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে বৈমাত্রেয় দুই ভাইয়ের মধ্যে শুক্রবার সকাল ১১টার দিকে জমি নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় ছোট ভাই রুহুল আমিন গুরুতর আহত হলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। সকালে নিহতের ছেলে কাওছার আলী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বৈমাত্রেয় ওই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১১টার দিকে ছোট ভাই রুহুল আমিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে বড় ভাই মোতালেব ও তার লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় রুহুল আমিন গুরুতর আহত হন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত