বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার পোশাকশ্রমিক!

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৬:৫৪ এএম

গাজীপুরের শ্রীপুরে ইউপি সদস্যের কাছে ধর্ষণের বিচার চাইতে গিয়ে এক নারী পোশাক শ্রমিক (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার নয়াপাড়া গ্রামের ওই ঘটনায় গতকাল শনিবার সকালে স্থানীয় কাওরাইদ ইউপি সদস্য কলিম উদ্দিন (৪০) ও একই গ্রামের পারভেজ আহম্মেদের (২৮) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। এরপর এদিন দুপুরেই পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। কর্মস্থলে যাওয়া-আসার পথে ওই এলাকার পিকআপ চালক পারভেজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ জুলাই সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে পারভেজ। এরপর ভুক্তভোগীকে বাড়িতে রেখে পালিয়ে যায় সে। পারভেজের কোনো খোঁজ না পেয়ে পরদিন রাতে স্থানীয় ইউপি সদস্য  ও পিকআপটির মালিক কলিম উদ্দিনের কাছে বিচার নিয়ে যায় ওই নারী। সবকিছু শুনে পারভেজের সঙ্গে ওই নারীর বিয়ের ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দেয় কলিম উদ্দিন। পরে ভুক্তভোগীকে মোটরসাইকেলে বাড়ি থেকে তুলে একটি গজারি গড়ে নিয়ে তাকে ধর্ষণ করে কলিম উদ্দিন। ঘটনাটি কাউকে না জানাতে ওই নারীকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় সে। কিন্তু ভুক্তভোগী এতে রাজি না হওয়ায় তাকে মারধরও করে কলিম উদ্দিন।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক কলিম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত