স্বাস্থ্য খাতে দুর্নীতির জন্য শুধু সরকার একা দায়ী নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেছেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। দায়িত্ব বুঝে নেওয়ার আগে গতকাল শনিবার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।
খুরশীদ আলম বলেন, ‘আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’ করোনাভাইরাস মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে অধিদপ্তরের সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদ ছাড়তে বাধ্য হন। এরপর নতুন ডিজির দায়িত্ব পান ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. খুরশীদ আলম। গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে তাকে অবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দিতে বলা হয়।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতিতে নতুন মহাপরিচালক হিসেবে কী চ্যালেঞ্জ দেখছেনÑ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেইস করছি, তা দূর করার চেষ্টা করব।’
প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যেন সম্মান ও ইজ্জত নিয়ে শেষ করতে পারেন, সেজন্য সবার দোয়া চান অধ্যাপক খুরশীদ। এই মহামারীতে সাংবাদিকদের ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমরা যদি কোনো ভালো কাজ করি সেটাও তুলে ধরবেন।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন ডা. খুরশীদ আলম। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। তিনি ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।
আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডা. খুরশীদ আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া খুরশীদ আলমের বাড়ি কুমিল্লার চান্দিনার মাইজারখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে। তবে স্থায়ীভাবে বসবাস করেন কুমিল্লা শহরের ঝাউতলায়। তার বাবা মো. মমিনুল হক কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক ছিলেন। তার স্ত্রী ফাতেমা রহমান ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক।
