মেট্রোরেলের শ্রমিকদের ‘নেগেটিভ’ প্রতিবেদন

রিজেন্টের এমডি ১০ দিনের রিমান্ডে

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৬:৫৯ এএম

মেট্রোরেলের শ্রমিকদের করোনার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে ১০ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলাম এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হীরণ জানান, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ইয়াদুর রহমান আসামি মিজানুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

২০ জুলাই উত্তরা পশ্চিম থানায় মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, মিজানুরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রিজেন্ট হাসপাতাল। এ জন্য মাথাপিছু ৩ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়। কিন্তু পরীক্ষা না করেই করোনাভাইরাস ‘নেগেটিভ’ প্রতিবেদন দেওয়া হয়। ফলে কর্মীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ওই মামলায় শুক্রবার রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. ইয়াদুর রহমান আদালতে প্রতিবেদন দিয়ে বলেন, আসামি মিজানুর রহমানসহ অন্য আসামিরা একেকজনকে করোনা টেস্ট করানোর বিনিময়ে ৩ হাজার ৫০০ টাকা করে নিয়েছেন। ৭৬ জন শ্রমিকের কাছ থেকে ২ লাখ ৬৬ হাজার টাকা নেওয়া হয়েছে। রিজেন্ট হাসপাতাল ৭৬ জনের কাছ থেকে করোনার নমুনা সংগ্রহ করে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে আসামিরা করোনা বিস্তারে সহায়তা করেছেন।

করোনার প্রতিবেদন জালিয়াতির অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে করোনার সনদ জালিয়াতির অভিযোগে র‌্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে। এ পর্যন্ত ওই মামলায় সাহেদসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় রিজেন্টের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দ দিয়েছেন। এ ছাড়া সাহেদ ও মাসুদ পারভেজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত