জাল করোনা সনদে শাজাহান খানের মেয়ের লন্ডন যাওয়ার চেষ্টা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৬:৩৫ এএম

করোনার সনদ ‘জালিয়াতি’ করে নেগেটিভ রিপোর্ট নিয়ে যাওয়ার সময় লন্ডনগামী এক বিমান যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া ওই যাত্রীর নাম ঐশী খান। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে।

গতকাল রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, দেশ ছাড়ার আগে ইমিগ্রেশনে ঐশীকে করোনার সনদ দেখাতে বলা হলে তিনি যেটা প্রদর্শন করেন তাতে নেগেটিভ লেখা। কিন্তু এ সময় ইমিগ্রেশনের কর্মকর্তারা অনলাইন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তাতে পজিটিভ রিপোর্ট লেখা। ইমিগ্রেশনে বিষয়টি ধরা পড়লে ঐশীকে লন্ডন যেতে দেওয়া হয়নি। বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, ইমিগ্রেশনে করোনা পজিটিভ ধরা পড়ায় বিমানের লন্ডন ফ্লাইটে একজন যাত্রীকে যেতে দেওয়া হয়নি বলে জেনেছি। তিনি একজন সাবেক মন্ত্রীর মেয়ে কি না, জানতে চাইলে তিনি বলেন, তার পরিচয় কী, সেটা আমরা জানি না। তিনি বিমানের যাত্রী ছিলেন, ইমিগ্রেশনে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছেন, কিন্তু অনলাইনে চেক করে দেখা গেছে তিনি পজিটিভ। সে জন্য ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ তাকে লন্ডন যেতে দেয়নি। শিডিউল ফ্লাইটটি রবিবার দুপুর ১২টায় বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে গেছে।

এ বিষয়ে ঐশীর বাবা সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান সাংবাদিকদের বলেছেন, গতকাল আমি নিজে মেয়েকে নিয়ে বিমানবন্দরে যাই। মেয়েটা নিজে একটা হার্ড কপি সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর কর্র্তৃপক্ষ অনলাইনে দেখে এটা পজিটিভ। এতে আমি নিজেও অবাক। করোনার এই টেস্ট করিয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে। সেখান থেকে এই সনদ নিয়েছি। যাতে স্বাক্ষর ছিল ডা. বায়েজিদ বিন মনিরের। কী করে এমন সনদ দেওয়া হলো, আমি নিজেই সেটা খতিয়ে দেখব। যদি আমার মেয়ে অসুস্থ হয়ে থাকে তাহলে আমি নিজেই তো যেতে দেব না। বিদেশে গিয়ে ধরা পড়লে তো আরও সমস্যা হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত