জলাবদ্ধতা নিরসন নিয়ে টিআইবি

সিটি করপোরেশনকে একক দায়িত্ব দেওয়ার দাবি

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৬:৫২ এএম

রাজধানী ঢাকার জলাবদ্ধতার জন্য দুই সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসা সমানভাবে ব্যর্থ বলে দাবি করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই অব্যবস্থাপনার জন্য একে অন্যের কাঁধে দায় না চাপিয়ে সংকট সমাধানে এককভাবে সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া উচিত। গতকাল রবিবার টিআইবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

এতে বলা হয়, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের হাতে ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব থাকায় সমন্বয়হীনতা, অসুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক দোষারোপের সংস্কৃতির সৃষ্টি হয়েছে। এর ফলে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আইন অনুযায়ী ঢাকা মহানগরীতে প্রধান ড্রেন লাইনগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার। শাখা লাইনগুলোর দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত। ঢাকা শহরের মোট ড্রেনেজ লাইনের মধ্যে ৩৮৫ কিলোমিটার ঢাকা ওয়াসার অধীনে। প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার ঢাকা সিটি করপোরেশনের অধীনে।

তিনি বলেন, এর বাইরে ৭৪ কিলোমিটার দৈর্ঘ্যরে ২৬টি খাল ও ১০ কিলোমিটার বক্স কালভার্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বও ঢাকা ওয়াসার। আইনের এই মারপ্যাঁচে বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে একে অন্যের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চায় প্রতিষ্ঠানগুলো। এতে বর্ষা এলে জনগণের ভোগান্তি বছর বছর আরও তীব্র হয়। তাই অবিলম্বে আইনের প্রয়োজনীয় সংশোধন করে একক প্রতিষ্ঠানের হাতে সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন খাল ও কালভার্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করতে হবে। এক্ষেত্রে নাগরিক প্রতিষ্ঠান হিসেবে দুই সিটি করপোরেশনকেই এই দায়িত্ব প্রদান করা উচিত।

জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা কার্যত ব্যর্থ হয়েছে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, ‘ঢাকা ওয়াসার একটি প্রতিবেদনে তাদের আওতাধীন ২৬টি খালের মধ্যে ২০টির প্রবাহ পূর্ণ সচল দাবি করা হয়। এর মধ্যে কাটাসুর খালকেও সচল উল্লেখ করা হয়েছে। কিন্তু টিআইবি’র গবেষণায় দেখা যায়, উল্লিখিত খালের প্রবাহ সচল নেই। বিভিন্ন কঠিন বা ভারী বর্জ্য ড্রেনের উপরিভাগ এবং খালের মুখে জমে রয়েছে যা চিত্রসহ গবেষণা প্রতিবেদনে তুলেও ধরা হয়। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত তথ্যেও দেখা যায় সবশেষ (২০১৯-২০) অর্থবছরে ঢাকা ওয়াসার ২৬টি খালের মধ্যে অন্তত ১০টিতে কার্যত পুনঃখনন ও পরিষ্কারের কাজ করা হয়নি।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘ওয়াসার আওতাধীন খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নিয়মিত তদারকির ঘাটতিও লক্ষণীয়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি মাসে কমপক্ষে দুই বার খাল ও ড্রেন পরিদর্শনের নিয়ম থাকলেও তা করা হয় না। ফলে খাল দখল, খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণসহ বিভিন্নভাবে খাল ভরাট হয়ে থাকে। তাই ওয়াসার ব্যর্থতা অস্বীকারের কোনো সুযোগই নেই। আবার ওয়াসার ওপর এককভাবে সব দোষ চাপিয়ে ড্রেনেজ অব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণে ব্যর্থতার দায় সিটি করপোরেশনও কোনোভাবেই এড়াতে পারে না।’ 

টিআইবির গবেষণার তথ্য অনুযায়ী ওয়াসা তার দায়িত্বে থাকা খাল ও ড্রেনগুলো রক্ষণাবেক্ষণ ও দখলমুক্ত করতে ব্যর্থ হয়েছে এ কথা যেমন সত্য তেমনি এই খাল ও ড্রেনগুলোতে পতিত কঠিন বর্জ্য অপসারণের পর সেগুলো পাড় থেকে অপসারণ না করে ওয়াসার ওপর দায় চাপানোর নজিরও সিটি করপোরেশনের আছে। আবার সিটি করপোরেশনের অধীনে যে ২ হাজার ৫০০ কিলোমিটার ড্রেন আছে সেগুলোও কতটা বর্জ্যমুক্ত বা সচল সেটাও প্রশ্নবিদ্ধ। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত ও কার্যকর কোনো পদ্ধতি গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, ড্রেনগুলোর সংস্কারকাজে অযথা সময়ক্ষেপণ এবং নিয়মিত পরিচ্ছন্ন না করা, নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ব্যর্থতা ইত্যাদি বিষয়ে সিটি করপোরেশনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী ড্রেনেজ সম্পর্কিত যে কোনো সংস্কারের ক্ষেত্রে ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বয়ের কথা থাকলেও সিটি করপোরেশন ড্রেন কিংবা বৃষ্টির পানি নিষ্কাশনের নালা নির্মাণের ক্ষেত্রে বাস্তবে তা অনুসরণ করে না। আবার সিটি করপোরেশন কর্র্তৃক উন্নয়নমূলক কর্মকা-ের ফলে ঢাকা ওয়াসার কোনো ড্রেনের ক্ষতি হলেও সে বিষয়ে ঢাকা ওয়াসাকে অবগত করে না। এর ফলে কোনো প্রতিষ্ঠানেরই কাজের পূর্ণ সুফল জনগণ ভোগ করতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত