বাংলাসহ ১০ ভাষায় প্রচার হবে হজের খুতবা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৬:৫৩ এএম

চলতি বছর হজের খুতবা বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় শোনানো হবে বলে জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীর ইমাম ড. আবদুর রহমান আল সুদাইস। ইমাম সুদাইসের এক টুইটের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরাফাতের ময়দান থেকে প্রচারিত ওই খুতবা যে ১০ ভাষায় সরাসরি শোনানো হবে ইংরেজি, মালে, উর্দু, ফার্সি, ফরাসি, চীনা, তুর্কি, রাশিয়ান, হাউসা এবং বাংলা। করোনার কারণে এবার মাত্র এক হাজার যাত্রীকে হজ করার অনুমতি দিয়েছে সৌদি সরকার। এর মধ্যে বিভিন্ন দেশের নাগরিক আছেন, তবে বেশি সংখ্যক হবে সৌদি আরবের। সৌদিতে বসবাসকারী বিদেশি নাগরিকরা এ তালিকায় আছেন। এর সংখ্যা কোন দেশের কত তা এখনো প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মন্ত্রী, আলেম, মুফতি, নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও ইসলামী সমাজের প্রধানসহ ১ হাজার ২০০ বিশিষ্ট ব্যক্তির এবারের হজ নিয়ে বার্তা প্রকাশ করেছে। যেখানে চলতি বছরের হজ সীমিত করার জন্য সৌদি বাদশার প্রশংসা করা হয়েছে। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিবছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

পবিত্র হজ পালন করতে এবার হজযাত্রীদের প্রথম দলটি মক্কায় পৌঁছেছেন। মহামারী করোনাভাইরাসের কারণে এবার ‘সীমিত আকারে’ হজ পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব। এক ঘোষণায় সৌদি কর্র্তৃপক্ষ জানায়, দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিক এবং স্থানীয়দের সমন্বয়ে এক হাজারের মতো লোক এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন। অপরদিকে, কঠিন নিরাপত্তার চাদরে ঢাকা মক্কায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত