দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের দেওয়া আগুনে পুড়ে মাদারীপুরের রাজৈর উপজেলার মো. ফরিদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ সময় ২টার দিকে দক্ষিণ অফ্রিকার প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফরিদের মৃত্যুতে উপজেলার বেপারিপাড়া এলাকায় তার বাড়িতে চলছে শোকের মাতম।
ফরিদের ফুফাতো ভাই সুজন জানান, গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সকাল ৮টায় প্রিটোরিয়ার হারামকুয়ায় চারজনের একটি সন্ত্রাসীদল দোকানে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে এবং মূল্যবান জিনিস লুটে নেওয়ার সময় ফরিদ বাধা দিলে সন্ত্রাসীরা তার হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুদিন চিকিৎসা নেওয়ার পর গতকাল তার মৃত্যু হয়। কান্নারত অবস্থায় বাবা নুরুল হক বেপারি বলেন, ‘ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম সংসারে সচ্ছলতার জন্য। আজ ছেলেকে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। সরকারের কাছে একটাই দাবি, যেন লাশটা দেশে আনার ব্যবস্থা করা হয়।’
এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন রাজৈর মডেল থানার ওসি মো. শেখ সাদিক।
