আইনের সঙ্গে সংঘাতে জড়ানো ৭৫৫ শিশুর জামিন হয়েছে শিশু আদালতে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত ৫০ কার্যদিবসে ভার্চুয়াল শিশু আদালতে এসব শিশুর জামিন হয় বলে গতকাল রবিবার জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান। তিনি জানান, ইতিমধ্যে ৭৪৬ শিশুকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে আরও ৮৭০ শিশু রয়েছে। গত ১২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত কেন্দ্রগুলোতে নতুন এসেছে ৫০৮ শিশু।
গত ৯ মে ‘আদালত কর্র্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ জারি হওয়ার পর উচ্চ আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সীমিত পরিসরে মামলার শুনানি এবং অধস্তন আদালতে একই পদ্ধতিতে শুধু জামিন শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের জামিনের বিষয়ে উদ্যোগ নেয় এসসিএসসিসিআর ও সমাজসেবা অধিদপ্তর।
