ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি ঘোরাফেরা করত মেডিকেলের আশপাশ দিয়ে। রাতে মেডিকেলের জরুরি বিভাগের পাশের টিকিট কাউন্টারের পেছনে ঘুমিয়ে ছিলেন। অসুস্থতার কারণে রাতের যেকোনো সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে শাহবাগ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ মর্গে পাঠায়।
তিনি জানান, মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
