শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাধীন দপ্তর সংস্থাগুলোর চলতি অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি (এপিএ) হয়েছে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে এসব চুক্তি স্বাক্ষর হয়। শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। দপ্তর-সংস্থার প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এবং শিল্প মন্ত্রণালয়ের পক্ষে শিল্প সচিব এপিএতে স্বাক্ষর করেন।
শিল্প মন্ত্রণালয় গতকাল বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সরকারের উন্নয়ন নীতি এবং সার্বিক উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে ২০২০-২১ অর্থবছরের এপিএ প্রণয়ন করা হয়েছে। এজন্য এসডিজি লক্ষ্যমাত্রা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, নির্বাচনী ইশতেহার এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১-এর লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার বাস্তবায়ন, মন্ত্রণালয়ের বাজেট কাঠামো, অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনককরণ, লোকসানি প্রতিষ্ঠানসমূহের লোকসান পর্যায়ক্রমে কমিয়ে আনাসহ স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করে এপিএ প্রণয়ন করা হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকা গতিশীল রাখতে সরকার তৎপর। তিনি নির্বাচনী ইশতেহারে শিল্প খাতের উন্নয়নে গৃহীত পরিকল্পনাসমূহ বাস্তবায়নে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
