লাক্স সুপারস্টার নাদিয়া আফরিন মিম। অনেক তারকা এখন ঘরে বসে থাকলেও তিনি নিয়মিত কাজ করছেন নাটকে। তার সঙ্গে কথা বলেছেন রণ
নিয়মিত শ্যুটিং...
লকডাউন উঠে যাওয়ার পর থেকেই দিনে ১৫ থেকে ১৮ ঘণ্টা শ্যুটিং করছি নিয়মিত। কেবল ঈদের নাটকের চাপ বলে এই খাটুনি, তা নয়। কিছুদিন অনিয়মিত থাকায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটা পূরণ করার চেষ্টা করছি। বলতে পারেন, করোনাকালে নতুন উদ্যমে কাজে ফিরেছি (হা হা হা)। জুন মাসের প্রথম থেকেই নাটকের শ্যুটিংয়ে অংশ নিয়েছি।
মিউজিক ভিডিওতে...
সম্প্রতি প্রকাশিত ‘জানি পাব না’ শিরোনামে ইমরান ও সিঁথি সরকারের গাওয়া একটি গানে মডেল হয়েছি। গানটি গল্পনির্ভর, সে কারণেই এতে কাজ করতে রাজি হয়েছি। কারণ আমি মিউজিক ভিডিও খুব একটা করি না। তা ছাড়া গায়ক ইমরান বড় আয়োজনে কাজটি করেছেন। বছরের শুরুর দিকে গানটির শ্যুটিং করেছিলাম। ঈদুল ফিতরে প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঈদুল আজহা সামনে রেখেই এটি প্রকাশিত হলো। বেশ ভালো সাড়া পাচ্ছি মিউজিক ভিডিওর জন্য।
কাজেই স্বস্তি...
করোনায় ঘরবন্দি থাকার চেয়ে কাজেই স্বস্তি পাচ্ছি বেশি। যথেষ্ট দূরত্ব বজায় রাখতে প্রতিমুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে। এবারের ঈদুল আজহায় বিভিন্ন চ্যানেলের বেশ কিছু নাটকে দেখা যাবে আমাকে। সম্প্রতি করোনাকালে একটি গল্পে নির্মিত নাটকে অভিনয় করেছি। গল্পে আমি মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ে। করোনার সময় পরিবারের কর্তার চাকরি চলে যাওয়া, বেতন আটকে থাকা, করোনাসংকটসহ নানা প্রসঙ্গ আছে এখানে। আমরা কাজ করছি শ্যুটিং হাউজের ভেতরে। এখানে করোনা নিয়ে ভয় নেই। গৌতম কৈরীর পরিচালনায় ‘সময়’ নামে এই নাটকে আমার সহশিল্পী এফ এস নাইম।
নতুন জীবন...
লাক্স তারকা হওয়ার পর থেকে নিয়মিত কাজ করেছি। ২০১৮ সালের দিকে হঠাৎ কাজ কমিয়ে দিই। ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছিলাম। আপাতত বিয়ের চিন্তা করছি না। নিজেকে গোছানোর জন্য সময় দিচ্ছি। আমার মনে হয় দ্বিতীয় বিয়ের জন্য সময় নেওয়া উচিত। এখন কাজে বেশি মনোযোগী হতে চাই।
