ফেইসবুক, গুগলসহ ৪ কোম্পানির সিইওকে কংগ্রেসে তলব

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৮:০২ এএম

প্রযুক্তি জগতের শীর্ষ চারটি কোম্পানির সিইওকে একসঙ্গে কংগ্রেসের শুনানিতে হাজির হতে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংশয়ী আইনপ্রণেতারা। অনলাইন  ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষায় তারা কী পদক্ষেপ নিচ্ছেন ঐতিহাসিক এই প্রশ্নোত্তরপর্বে সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাদের। সি নেট, ভার্জসহ একাধিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার কংগ্রেসে যাবেন অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক, ফেইসবুকের মার্ক জাকারবার্গ এবং গুগলের সুন্দর পিচাই। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তে নামা হাউজ জুডিশিয়ারি অ্যান্টিট্রাস্ট সাব-কমিটির কাছে তাদের জবাবদিহি করতে হবে। এর আগে বিভিন্ন সময়ে সাব-কমিটি থেকে বিচ্ছিন্নভাবে শুনানি করা হয়েছে। এই প্রথম প্রযুক্তি দুনিয়ার চার আলোচিত ব্যক্তি একসঙ্গে হাজির হবেন।

এই শুনানি হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জন লুইসের প্রয়াণের কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়। চলমান মহামারীর কারণে ভিডিও-কলের সফটওয়্যারের মাধ্যমে চার প্রধান নির্বাহীকে যুক্ত করা হবে। ঠিক কতক্ষণ শুনানী চলবে, সে বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। তবে দিনব্যাপী হতে পারে। অনলাইন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবসায়িক উদ্দেশে ব্যবহার করার অভিযোগে কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা সময়ে কঠিন সব পদক্ষেপ নিতে দেখা গেছে মার্কিন প্রশাসনকে। তবে প্রতিবারই কোম্পানিগুলো দাবি করেছে, অসৎ উদ্দেশে কিছু করা হয় না, যা করা হয় সবটাই ব্যবহারকারীকে জানিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত