এ আর রহমানের সমস্যাটা কোথায়?

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১০:০১ এএম

সাধারণত কোনো বিতর্কে দেখা যায় না এ আর রহমানকে। সব সময় নিজের কাজ নিয়ে মগ্ন থাকেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বদলে যাওয়া বলিউডে তিনিও খোলাখুলি জানালেন বঞ্ঝনার কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড গ্যাং নিয়ে মুখ খোলেন অস্কার-জয়ী সুরকার-গায়ক। এরপরই তার পাশে দাঁড়িয়ে টুইট করেন পরিচালক শেখর কাপুর। সেখানে এ আর রহমানকে নিয়ে বলিউডের সমস্যা তুলে ধরেন তিনি।

রহমানের সাক্ষাৎকার নিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে শেখর কাপুর লেখেন, “এ আর রহমান, তোমার সমস্যাটা কোথায় জানো? তুমি অস্কার পেয়ে গেছো। বলিউড থেকে অস্কার পাওয়া মানে মৃত্যুর মুখে চুম্বন করা। তুমি তোমার প্রতিভার প্রমাণ করেছো, আর সেটি বলিউড ঠিক গ্রহণ করতে পারছে না।''

তবে শেখর কাপুরের এই টুইটের উত্তরে শান্তির বার্তা দিলেন রহমান। তিনি লেখেন, “হারানো অর্থ ফিরে আসে, খ্যাতিও ফিরে আসে। তবে জীবন থেকে মূল্যবান সময় যদি নষ্ট করে ফেলা হয়, তা আর ফেরে না। শান্তি চাই। এটা থেকে বের হয়ে জীবনে আমাদের আরও অনেক কিছু করার আছে।”

শুক্রবার মুক্তি পাওয়া সুশান্তর শেষ ছবি ‘দিল বেচারা’র সংগীত করেছেন এ আর রহমান। এ প্রসঙ্গে একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। তেমন একটিতে বলেছিলেন, “যখন মুকেশ ছাবড়া (দিল বেচারার পরিচালক) আমার কাছে আসে তাকে দুদিনে চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, স্যার, অনেকে বলেছিল, রহমানের কাছে যেও না এবং আমাকে বিভিন্ন কথা শুনিয়েছে। আমি এটা শোনার পর বুঝতে পারি, কেন ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না। একটি বড় চক্র আমার বিরুদ্ধে কাজ করছে এবং না জেনেই ক্ষতি করছে।”

বলিউডে কোণঠাসা করা নিয়ে রহমানের আরও বক্তব্য, “অনেকে হয়তো চাইছেন আমি কাজ করি কিন্তু সেই গ্যাং তাদের সেটা করতে বাধা দিচ্ছে। ঠিক আছে। আমি ভাগ্যে বিশ্বাসী, খোদায় বিশ্বাসী। আমি মনে করি ভালো কাজ আল্লাহই দেন। কিন্তু আমি বলতে চাই যে, আমি সবার সঙ্গে কাজ করতে চাই। অনেক ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। আমার দরজা সকলের জন্য খোলা রইল।”

এ আর রহমান সম্প্রতি যুক্ত হয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এ। এ ছবি সহ-প্রযোজনার দায়িত্বও নিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত