শুরু হয়েছিল ৯ জনকে দিয়ে। দিনে দিনে বাড়ছে সংখ্যাটা। এমনকি কথা ছিল, রবিবার পর্যন্ত ঈদের আগে হবে ক্রিকেটারদের একক অনুশীলন। সেই সূচি বিসিবিকে খেলোয়াড়দের আগ্রহে বাড়াতে হয়েছে আরও দুদিন। মিরপুরে গতকাল একক অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিলেন ওপেনার এনামুল হক বিজয়। তার আশা, ঈদের পর আরও ধারাবাহিকভাবে অনুশীলন করে যেতে পারবেন।
‘আজ (গতকাল) মিরপুরে প্র্যাকটিস করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় চারমাস পর প্র্যাকটিসের সুযোগ পেলাম এবং প্র্যাকটিস করেছি।’ দেশের হয়ে ৪টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিজয়। ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি আছে তার। কিন্তু গত জুলাইয়ে শেষ জাতীয় দলে ফিরলেও আবার বাদ পড়েন।
গতকালের প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে ২৭ বছর বয়সী বিজয় জানালেন, ‘অনেক কষ্ট হয়েছে আজ (গতকাল)। কারণ আমরা ইনডোরে বা বাইরে যেখানেই করি না কেন মিরপুরের প্র্যাকটিসটা একেবারে স্পেশাল।’
এই স্পেশাল প্র্যাকটিসটা করে যেতে খুব আগ্রহী বিজয় বললেন, ‘আশা করি এটা ধরে রাখতে পারব। ঈদের আগে যতটুকু করতে পারি করব। এরপর ঈদের পর তো ধারাবাহিকভাবে করতে থাকব।’
