কোভিড-১৯ পজিটিভ হয়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার মারিয়ানো। মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ২৬ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার শারীরিকভাবে সুস্থ আছেন। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।
১৯ জুলাই লেগানেসের বিপক্ষে রিয়ালের শেষ লিগ ম্যাচে স্কোয়াডে ছিলেন মারিয়ানো। তবে মাঠে নামা হয়নি তার।
মারিয়ানো এ বছর রিয়ালের হয়ে মোট সাত ম্যাচ খেলেছেন। মার্চে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ২-০ গোলে জেতা ম্যাচটায় গোল করেছিলেন। যা রিয়ালের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।
সব মিলে রিয়ালের হয়ে ৪০ ম্যাচে ১০ গোল মারিয়ানোর। বেশিরভাগ ম্যাচই তিনি খেলেছেন বদলি হিসেবে।
৭ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে রিয়াল। সেই ম্যাচে মারিয়ানোকে পাওয়া নিয়ে থাকছে শঙ্কা। ফেব্রুয়ারিতে প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ২-১ এ জয় নিয়ে ফিরেছিল সিটি।
