সিপিএলে এবার একমাত্র দক্ষিণ আফ্রিকান তাহির

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৩:১৯ এএম

ইমরান তাহির ছাড়া আর কোনো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অংশ হতে পারবেন না।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে এবারের সিপিএল মাঠে গড়াবে ১৮ আগস্ট। ফ্র্যাঞ্চাইভিত্তিক এই টি-টোয়েন্টি লিগে দল পেলেও দর্শক হয়ে থাকতে হবে তাবরাইজ সামসি, রাইলি রুশোদের।

করোনার কারণে দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে চলছে কঠোর লকডাউন আইন। আন্তর্জাতিক বিমান যোগাযোগও বন্ধ। যে কারণে রাসি ফন ডার ডুসেন, তাবরাইজ সামসি, এনরিক নর্টজে, রাইলি রুশো এবং কলিন ইনগ্রাম জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়ে তারা ভ্রমণের ব্যবস্থা করতে পারবেন না। খবর- ক্রিকইনফো।

তবে ইমরান তাহির অংশ নিতে পারবেন, কারণ তিনি এখন পাকিস্তানে অবস্থান করছেন। পাকিস্তান বংশোদ্ভূত এই লেগ স্পিনার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে অবস্থান করছিলেন। করোনা লকডাউনের কারণে সেখানেই আটকা পড়ে যান। পাকিস্তান থেকে আন্তর্জাতিক বিমান যোগাযোগে সমস্যা নেই। ফলে সিপিএলে অংশ নিতে বাধা নেই তাহিরের।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, সিপিএলের আয়োজকেরা চাচ্ছে আসরে অংশ নিতে যাওয়া সব ক্রিকেটার যেন ১ আগস্টের মধ্যে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে পৌঁছে। সেটি হলে টুর্নামেন্টের আগে সবাই ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব পূর্ণ করতে পারবে।

এদিকে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। এই আসরে প্রোটিয়া খেলোয়াড়দের অংশ নেওয়াও রয়েছে ঝুঁকিতে। তবে দক্ষিণ আফ্রিকা বোর্ড খেলোয়াড়দের এনওসি দিচ্ছে বলেই খবর। এখন যাতায়াত ব্যবস্থার উপর নির্ভর করছে সব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত