আওয়ামী লীগের নেতাকর্মীরাই সুখে আছেন : রিজভী

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৬:৪১ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে করোনাভাইরাসের মহামারী ও বন্যা হলেও একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই সুখে আছেন। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে শিল্পী, কলাকুশলীদের মধ্যে ঈদ শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রিজভী বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভালো আছেন। আরও ভালো থাকতে তাদের কেউ কেউ চলে যাচ্ছেন দেশের বাইরে। কানাডা ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম করছেন। বিপরীত চিত্র বিএনপির নেতাকর্মীদের। তাদের কষ্টের সীমা থাকে না। তাদের চাকরি থাকবে না, তাদের স্বাভাবিক জীবন থাকবে না। মামলার কারণে এলাকা ছাড়া হওয়ায় ঈদে তারা বাড়িতে যেতে পারবে না।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুর কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, কত সংগ্রাম, চড়াই-উৎরাই, স্বৈরাচারের কত উৎপীড়ন সহ্য করেছে সে। সেই নেতৃত্বকে আমরা বাঁচাতে পারিনি। এই যে মৃত্যু, এই যে লাশ, এই যে দাফনের মধ্য দিয়ে আমাদের জীবন কাটছে।

রিজভীর দাবি, দেশে এখন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পাত্তা থাকবে না। তাই তারা সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে।

অনুষ্ঠান শেষে রিজভী জাসাসের শিল্পী-কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল খান। জাসাসের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইথুন বাবু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, হাসান চৌধুরী, আরিফুর রহমান মোল্লা, আবদুল হান্নান মাসুম, রফিকুল ইসলাম স্বপন, চৌধুরী আজহার আলী শিবা সানু, মিজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত