সড়কে প্রাণ গেল ২ জনের

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৬:৫৬ এএম

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক হাবিবুর রহমান (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে বাসচাপায় শাহনাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, গতকাল দুপুর ১টার দিকে কুষ্টিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি পাবনার দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাবিবুর রহমানের মৃত্যু হয়।

এদিকে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন শাহনাজ বেগম। সোমবার দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় বিআরটিসি পরিবহনের একটি বাসচাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা ভিক্টোরিয়া হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত