স্টুয়ার্ট ব্রডের কীর্তির দিনে উইন্ডিজকে ২৬৯ রানে হারিয়ে ৩ টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে শেষ টেস্টের ৫ম দিনে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ১২৯ রানে মুড়িয়ে দেন স্টুয়ার্ট ব্রড-ক্রিস ওকস জুটি। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৪ উইকেট শিকারি ব্রড ম্যাচে নেন ১০ উইকেট। এ নিয়ে ক্যারিয়ারে
তৃতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নিলেন। এছাড়া ক্রিস ওকস নেন ৫ উইকেট।
৩৯৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে উইন্ডিজ তুলেছিল ২ উইকেটে ১০ রান। চতুর্থ দিন বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি। পঞ্চম দিন সকালেই মূল কাজটা সেরে ফেলেছিলেন ব্রড। দলীয় ৮৪ রানে ৫ উইকেট নিয়ে লাঞ্চে যায় উইন্ডিজ। লাঞ্চের পর আর মাত্র ১৩.৪ ওভার টেকে উইন্ডিজ। মূলত ওকসের দুর্দান্ত এক স্পেলেই শেষ হয় উইন্ডিজের সব আশা। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শাই হোপ। ম্যাচসেরা হন স্টুয়ার্ট ব্রড। যৌথভাবে সিরিজসেরা হন ব্রড এবং উইন্ডিজের রোস্টন চেজ।
জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, ‘গেল দুই সপ্তাহ আমরা দারুণ খেলেছি। আমরা যে পরিকল্পনা করেছি, মাঠে তা ভালোভাবে প্রয়োগ করতে পেরেছি। এই ম্যাচে ৩টি শতরানের জুটি আমাদের জন্য ম্যাচটি সহজ করে দিয়েছে। ব্রড দলে ফিরেই নিজের প্রভাব বিস্তার করেছেন। তার ৫০০ টেস্ট উইকেট অসাধারণ এক অর্জন।’ ক্যারিবীয় অধিনায়ক করোনার কঠিন পরিস্থিতি খেলার চ্যালেঞ্জের কথা বলেছেন ম্যাচ শেষে, ‘বোলারদের কাছে এর চেয়ে বেশি চাইতে পারি না। যে রানটা দরকার ছিল তা পাইনি। ইংল্যান্ড দারুণ খেলেছে। মানসিকভাবে আমাদের কয়েকজন হাঁপিয়ে উঠেছে। একই জায়গা, একই রুম। আমাদের বিষয়টা মানিয়ে নিতে হবে।’
