দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ অধ্যাপকসহ দুই পথচারী, ঝিনাইদহে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলশিক্ষক ও মাদারীপুরে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেয়াই-বেয়াইন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
চাঁদপুর : শাহরাস্তিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার গুনধর চক্রবর্তী (৭০), নোয়াখালীর চর আমান উল্লাপুর এলাকার হরিচন্দ (৫৫) ও অটোচালক শাহরাস্তির হোসেনপুর এলাকার মনির হোসেন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশায় থাকা তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদান প্রদান করা হবে।
কক্সবাজার : রামুতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ অধ্যাপকসহ দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কালা মিয়া বাজার আরকান সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও জোয়ারিয়ানালা ঘোনারপাড়া এলাকার প্রয়াত চাঁদ মিয়া সওদাগরের ছেলে শফিউল আলম (৫৫) এবং একই এলাকার প্রয়াত নুর আহমদ সিকদারের ছেলে মাহবুব সিকদার (৫৬)। রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং পুলিশের ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, গতকাল সকাল ৬টার দিকে স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন মুসল্লিরা। এ সময় টেকনাফগামী একটি মাছবোঝাই একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ : কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাহাজ্জত হোসেন (৫২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাহাজ্জত হোসেন যশোর শহরের আঞ্জুমান এতিমখানার শিক্ষক ছিলেন। নিহতের স্বজনরা জানান, গতকাল সকালে কালীগঞ্জের নলডাঙ্গা এলাকা থেকে কোরবানির গরু কিনে আলমসাধুতে করে বাড়ি ফিরছিলেন তাহাজ্জত। পথে কালীগঞ্জের কাদিরপুর এলাকায় পৌঁছলে গাড়ির ওপর থেকে গরু লাফ দেয়। এ সময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে চালকসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাহাজ্জত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
মাদারীপুর : শিবচরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেয়াই-বেয়াইন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার হাওলাদারকান্দি গ্রামের আয়নাল মাতুব্বরের ছেলে মিঠু (১৮) ও একই গ্রামের সোবাহান হাওলাদারের মেয়ে নূপুর (২৫)। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে নাওডোবা এলাকার জমাদ্দার স্ট্যান্ড থেকে বেয়াই মিঠুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নূপুর। পথে কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন মহাসড়কে পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নূপুরের মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ওসি অহিদুজ্জামান জানান, মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে।
