মেলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বার্সা

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৮:০১ এএম

ন্যু ক্যাম্পে আর্তুর মেলোর শেষটা মোটেও সুখকর হচ্ছে না। তিক্ততায় শেষ হতে পারে বার্সেলোনার সঙ্গে তার দুই বছরের সম্পর্ক। চুক্তির মেয়াদের মাসখানেক বাকি থাকলেও ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার আর মাঠে নামতে চান না বার্সার হয়ে। খেলতে অস্বীকৃতি জানানোয় এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে কাতালানরা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা বুধবার তাদের এক প্রতিবেদনে বলেছে, বর্তমানে ব্রাজিলে অবস্থানরত মেলোর দলে ফিরতে না চাওয়ার সিদ্ধান্তকে ‘বিদ্রোহ’ হিসেবে দেখছে বার্সেলোনা। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার পাশাপাশি মামলা করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তারা। ক্লাব কর্র্তৃপক্ষের মতে, মেলো যদি দায়িত্বশীল আচরণ করতেন, তাহলে ‘বন্ধুত্বপূর্ণভাবে’ বিষয়টির সমাধান করা যেত।

জুনে ৭২ মিলিয়ন ইউরোতে আর্তুর মেলোকে জুভেন্তাসে বিক্রি করে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবটিতে সেপ্টেম্বরে যোগ দেবেন তিনি। অর্থাৎ আগস্টে ফের শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগে বার্সার প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি। কিন্তু ২৩ বছর বয়সী এই তারকা তাতে আপত্তি তুলেছেন। মেয়াদ শেষের আগেই বার্সার কাছে চুক্তিপত্র বাতিল করার অনুরোধ করেছেন তিনি।

আরেক স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত আগের দিন জানিয়েছে, বার্সেলোনায় আর এক মুহূর্তও থাকার ইচ্ছা নেই মেলোর। ন্যু ক্যাম্পে তিনি অবহেলার শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন। অতীতে বেশ কয়েকবার স্প্যানিশ ক্লাবটিতে খেলে যাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেও তাকে নাকি জুভেন্তাসে যেতে একরকম বাধ্যই করা হয়েছে।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের জন্য দলের অনুশীলেন যোগ দেননি মেলো। এখনো নিজ দেশেই আছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত